ক্রিকেট অঙ্গনে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর আজম। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ পারফরম্যান্সের পর সেমিফাইনালের আশা কার্যত শেষ পাকিস্তানের। এর মধ্যে সাবেক অধিনায়ক বাবরকে ঘিরেও সমালোচনার ঝড় বইছে।
একাধিক পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার পর এবার বাবরকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন তারই চাচাতো ভাই, পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার উমর আকমল।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ১৬৪ রান। বাবর ২৪ বলে করেন মাত্র ২৫ রান, যা নিয়ে প্রশ্ন উঠেছে তার স্ট্রাইক রেট ও ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার সক্ষমতা নিয়ে। জবাবে ইংল্যান্ড দুই উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
টি-টোয়েন্টি ফরম্যাটে, তাও আবার বিশ্বকাপের মঞ্চে গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের ধীরগতির ইনিংস নিয়ে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের সমালোচনা আরও তীব্র হয়েছে। এর মাঝেই উমর আকমল ইনস্টাগ্রামে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৯৪ রানের ঝড়ো ইনিংসের ভিডিও পোস্ট করেন।
আরও পড়ুন
আরও পড়ুন শেষ ম্যাচে বিশাল সুবিধা পেতে চলেছে পাকিস্তান

সেই ম্যাচে ২৫ রানে ২ উইকেট হারানো অবস্থায় নেমে তিনি ৫৪ বলে ৯৪ রান করে দলকে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত পাকিস্তান ১৬ রানে জয় পায় এবং ম্যাচসেরাও হন উমর। অনেকের ধারণা, বর্তমান প্রেক্ষাপটে সেই ইনিংসের ভিডিও শেয়ার করে তিনি বাবরকে পরোক্ষ বার্তা দিতে চেয়েছেন।
বাবরের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন আরও কয়েকজন সাবেক তারকা। ইমাদ ওয়াসিম প্রশ্ন তুলেছেন, ‘এভাবে আর কত ম্যাচ হাতছাড়া হবে? সিনিয়র খেলোয়াড় হিসেবে তার দায়িত্ব আরও বেশি।’ একই ধরনের মন্তব্য করেছেন মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদও।
টানা ব্যর্থতায় বাবরের নেতৃত্ব নিয়েও সমালোচনা বাড়ছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের এমন ফর্ম পাকিস্তান শিবিরে চাপ বাড়িয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।