সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত বিদেশি শ্রমিকদের রেসিডেন্সি ভিসা বাতিল এবং ইরানকে আর্থিক সুবিধা প্রদানের সংক্রান্ত খবরগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া দাবি বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার মোহাম্মদ গারগাশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ড. আনোয়ার গারগাশ জানান, কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম এবং হতাশাজনক মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, "সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে কিছু প্ল্যাটফর্ম মিথ্যা তথ্য প্রচার করছে। অথচ এই সময়ে আমাদের দেশ আঞ্চলিক পরিস্থিতি ও ঘটনাবলী মোকাবিলা এবং পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিতে মনোনিবেশ করছে"
তিনি আরও স্পষ্ট করেন যে, ইউএই সরকারের মূল নীতি হলো গুজবের উত্তর মুখে না দিয়ে কাজের মাধ্যমে কাজের প্রমাণ দেওয়া। "তথ্য ও বাস্তব সাফল্য গুজবের চেয়েও অনেক শক্তিশালী, আর কাজের প্রভাব অনর্থক গুঞ্জনের চেয়ে বহু গুণ বেশি,"—যোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শ্রমিকদের ভিসা বাতিল করছে এবং ইরানকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে বলে অনলাইনে কিছু খবর ছড়ায়। ইউএই প্রশাসনের শীর্ষ পর্যায়ের এ স্পষ্ট বার্তা প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে ছড়ানো উদ্বেগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: গালফ নিউজ।