আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত এক শ্রমিক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারলেই দেশের উন্নয়ন টেকসই হবে। তিনি বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, জনগণের ভোটে প্রতিষ্ঠিত বিএনপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণে একের পর এক কার্যকর পদক্ষেপ নিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির সুফল শ্রমজীবী মানুষ পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে পাবে।
তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা মিল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কর্মসংস্থান তৈরিতে বহুমুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার কাজ করছে।
কর্মক্ষেত্রে নিরাপত্তা, কাজের নিশ্চয়তা ও পরিবেশ রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ঘামেই উৎপাদন বাড়ে, সচল থাকে অর্থনীতির চাকা। তাই শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।
সমাবেশে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবু ওহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, রোকনুজ্জামান সরকার, মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে শ্রমিক দলের নেতাকর্মীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এতে বিপুলসংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক