রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
নাছির উদ্দীন লিখেছেন, ‘গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।’
ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয় বলেও আশা প্রকাশ করেন তিনি।
এমআর//