খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে ফুটপাত দখল করে দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার প্রতিযোগিতা চলছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। একের পর এক অবৈধ দখলের কারণে ফুটপাতগুলো এখন সাধারণ মানুষের হাঁটার স্বাভাবিক উপযোগিতা হারিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লোগাং সড়কের ওপর বেশ কিছু হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকান রয়েছে। এসব দোকানের রড, সিমেন্ট, পানির ড্রামসহ বিভিন্ন ভারী নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ ফুটপাতের ওপর যত্রতত্র ফেলে রাখা হয়। একই চিত্র দেখা গেছে, পানছড়ি-তবলছড়ি রোড এবং পানছড়ি-খাগড়াছড়ি সড়কেও। সেখানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও স্থাপনা।

‎ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই। বাধ্য হয়ে আমাদের মেইন রোডের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

‎ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় মোটরসাইকেল চালক রবিউল বলেন, ‘ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। বড় গাড়ি আসলে সাইড দেয়া অনেক কঠিন হয়ে পড়ে। যার কারণে এই এলাকাগুলোতে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।’

পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: হেদায়েত তালুকদার এ বিষয়ে বলেন, ‘ইতোপূর্বে আমরা বাজারের সকল ব্যবসায়ীকে ফুটপাত পরিষ্কার রাখার বিষয়ে অবগত করেছি। প্রশাসন যদি এই অবৈধ দখল উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়, পানছড়ি বাজার পরিচালনা কমিটি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।’

‎ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, ‘বিষয়টি প্রশাসনিক বিষয়, প্রশাসন চাইলেই এইটা সমাধান করতে পারে। ভ্রাম্যমাণ আদালতে আমাদের থাকতে বলা হলে আমরা উপস্থিত থাকব।’

‎পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে আমরা পানছড়ি বাজার পরিচালনা কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews