ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ডান-হাতে চোট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।
এক বিবৃতিতে বাবরের চোটের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন হাতে চোট পান বাবর। এ কারণে ম্যাচের শেষ দিন বিশ্রামে থাকবেন তিনি। তবে সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেবেন বাবর।
কেন্টের বেকেনহ্যামে পিসিসি সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পিসিসি ৩০৫ রানে অলআউট হয়। মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি ৩টি করে এবং খুররাম শাহজাদ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। চার নম্বরে ব্যাট হাতে নেমে ১টি চারে ১৭ বলে ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘর ফিরেন বাবর। পেসার মানি লুমসডেনের বলে ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে আর ব্যাট হাতে নামেননি। আঘাত গুরুতর না হলেও, প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।
এই ইনিংসে পাকিস্তানের হয়ে আব্দুল্লাহ শফিক ৬১, ইমাম উল হক ৩৭ ও সৌদ শাকিল ৩০ ও গাজী ঘোরি ২৭ রান করেন।
৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট ১২৮ রান করেছে পিসিসি। ৭ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে আছে স্বাগতিকরা।
আগামী ১৯ আগস্ট থেকে লিডসে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর লর্ডসে ২৭ আগস্ট থেকে দ্বিতীয় এবং বার্মিংহামে ৯ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল। ১৯৯৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছ পাকিস্তান।
সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে পাকিস্তান।
সূত্র : বাসস