দীর্ঘ বিতর্কের পর অবশেষে ইন্দোনেশিয়ায় পুনরায় চালু হলো ধনকুবের ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক।

আপত্তিকর ডিপফেইক ছবি তৈরির অভিযোগে নিষিদ্ধ হওয়ার পর কঠোর নজরদারি ও বেশ কিছু শর্ত মেনে দেশটিতে আবার কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে চ্যাটবটটি। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লাখ লাখ যৌন উত্তেজক ডিপফেইক, যার মধ্যে ছিল হাজার হাজার শিশুর ছবি তা তৈরির অভিযোগে এ পরিষেবাটি নিষিদ্ধ করেছিল ইন্দোনেশিয়া।

দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এক্স’কে তাদের সেবাটি পুনরায় চালুর অনুমতি দিয়েছে তারা। তবে ভবিষ্যতে কোনো নিয়ম লঙ্ঘন হচ্ছে কি না সে বিষয়ে কঠোর নজরদারি চলবে। ইন্দোনেশীয় সরকারি সংস্থার তথ্যমতে, এক চিঠির মাধ্যমে বিস্তারিত জানিয়ে এক্স বলেছে, প্লাটফর্মটির চ্যাটবট গ্রক-এর অপব্যবহার রোধে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে এক্স।

দেশটির ‘ডিজিটাল স্পেস সুপারভিশন’ বিভাগের মহাপরিচালক আলেকজান্ডার সাবার এক বিবৃতিতে বলেছেন, সংস্থাটি নিয়মিতভাবে এসব নতুন সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখবে। তবে আবারও গ্রক-কে কোনো অবৈধ তথ্য ছড়াতে বা শিশু সুরক্ষাসংক্রান্ত আইন লঙ্ঘন করতে দেখা গেলে প্লাটফর্মটি ফের নিষিদ্ধ করবে তারা।

এ বছরের শুরুতে এ ঘটনার সূত্রপাত ঘটে। ব্যবহারকারীদের অনুরোধে নারী ও শিশুদের সম্মতি ছাড়াই তাদের আপত্তিকর ছবি তৈরি করছিল গ্রক। এ অভিযোগ ওঠার পর চ্যাটবটটি নিষিদ্ধ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্স।

একই মাসে ফিলিপিন্স তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়, যার কয়েক দিন পরেই মালয়েশিয়াও একই পথ অনুসরণ করল। ইন্দোনেশিয়ার মতোই মালয়েশীয় কর্তৃপক্ষ বলেছিল, গ্রক-এর ওপর কড়া নজরদারি রাখার পাশাপাশি আবারও একই অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেবে তারা।

তবে কেবল এশিয়াতেই নয়, একই কারণে গ্রক-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস ও যুক্তরাজ্যের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাও।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews