তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া যেকোনো পণ্যের ক্ষেত্রেই বন্ডেড ওয়্যারহাউস (শুল্কমুক্ত গুদাম) সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বন্ড সুবিধা পাওয়া ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং প্রশাসনিক জটিলতা কমানোরও ঘোষণা দেন তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজিত এক প্রাক্-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের প্রধান কৌশলবিদ আশফাক জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের নতুন প্রজন্মের ব্যবসায়ীরা বক্তব্য দেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্ডেড ওয়্যারহাউস নিয়ে কোনো ধরনের হয়রানি আর বরদাশত করা হবে না। নিয়মকানুন সহজ করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে যেকোনো পণ্য রপ্তানি করেন—এমন যে কাউকেই বন্ডেড ওয়্যারহাউস ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এই সুবিধা কোনো নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পোশাক খাতের পাশাপাশি স্বর্ণালংকার ও হীরা কাটা (ডায়মন্ড কাটিং) শিল্পের মতো সম্ভাবনাময় খাতের রপ্তানিকারকেরাও ব্যাক-টু-ব্যাক এলসি (এলসি) সুবিধার আওতায় বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পাবেন।