স্পোর্টস রিপোর্টার : দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণসঞ্চার করে কিশোর-কিশোরীদের ক্রীড়ামুখী করতে এবং মেধাবী ক্রীড়াবিদের তালাশে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করছে বর্তমান সরকার। সবশেষ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মাত্র আড়াই মাসের মধ্যেই নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই ক্রীড়া আসরে আট ডিসিপ্লিনে ১২ থেকে ১৪ বছর বয়সি ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী অংশ নেবেন। ডিসিপ্লিনগুলো হচ্ছে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। নতুন কুঁড়ি স্পোর্টসে দেশের প্রতি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্ব আয়োজন হবে ঢাকায়। আগামী শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন। একই সময়ে দেশের অন্য সকল জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সবার সাথে যুক্ত হবেন। গতকাল দুপরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণের জন্য আগ্রহী কিশোর-কিশোরীদের নিবন্ধন করতে হয়েছে। এখন পর্যন্ত নিবন্ধনকৃত প্রতিযোগির সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর, ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন সিলেট জেলার ক্রীড়াবিদ।
ঢাকায় চূড়ান্ত পর্বের খেলে শেষে মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের ভবিষ্যৎ নিয়ে সরকারের একটি পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,‘আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দেব। মেধাবী কিশোর-কিশোরীরা কোনো না কোনো স্কুলের শিক্ষার্থী হবে, ফলে তাদের ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে।’ সাভারের জিরানীস্থ বিকেএসপির মূল কার্যালয়ে সুযোগ-সুবিধা সবচেয়ে ভালো কিন্তু সেখানে অতিরিক্ত শিক্ষার্থী। আবার অন্য জেলায় বিকেএসপি থাকলেও সেখানে সুযোগ-সুবিধা কম। তাই বর্তমান সরকার অন্য বিকেএসপির মান্নোয়নে জোর দিচ্ছে বলে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে একজন মেধাবী খেলোয়াড় পাওয়া গেলে সে যেন চট্টগ্রাম বিকেএসপিতেই থাকতে পারেন আমরা সেই ব্যবস্থা করতে চাই। এজন্য আঞ্চলিক বিকেএসপিগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।’
আঞ্চলিক পর্যায়ে প্রতিভা অন্বেষণে অনেক সময় স্বজনপ্রীতির অভিযোগ উঠে। এ নিয়ে আমিনুল বলেন,‘প্রতিভা বাছাইয়ে কোনো স্বজনপ্রীতি থাকবে না। আমি মন্ত্রী হিসেবে নয় একজন খেলোয়াড় হিসেবে এটা তদারকি করব। আমাদের মেডিক্যাল টিম থাকবে, যারা সর্বাত্মক চিকিৎসা প্রদান করবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews