প্রায় এক বছর ধরে চলা এই আলোচনা এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সিদ্ধান্ত মূলত ভিনিসিয়ুসের হাতেই। রিয়াল মাদ্রিদ আগের প্রস্তাবের চেয়ে বেতন বাড়িয়েছে, যদিও সেটি এখনো খেলোয়াড়ের সব দাবি পূরণ করেনি। ক্লাবও স্পষ্ট করে দিয়েছে, এই প্রস্তাব অনির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে না। দ্রুত উত্তর চায় রিয়াল।
রিয়ালে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। তাই নতুন মৌসুম শুরুর আগেই বিষয়টির নিষ্পত্তি করতে চায় রিয়াল। এ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আর্সেনালও। ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, কোচ মিকেল আরতেতা এবারের দলবদল মৌসুমেই ভিনিসিয়ুসকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এমনকি আর্সেনালের ড্রেসিংরুমেও বিশ্বাস তৈরি হয়েছে, আগামী মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে সতীর্থ হিসেবে পাওয়া যেতে পারে। তবে সেটি সম্ভব হবে কেবল রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের আলোচনা ভেঙে গেলে।