পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার খাতা আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের ভিতরে তর্ক হয় দুই সহপাঠির। তার রেশ ধরে পরীক্ষা কেন্দ্রের বাইরে সহপাঠিকে পিটিয়ে করা হয় হত্যাচেষ্টা। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের গোদনাই পাঠানটুলিস্থ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায়। এ ঘটনায় এক শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও চার থেকে ৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীর বাবা। 

অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী মো. রাজিন সালেহ (১৮) নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যান তিনি।

অভিযোগে বলা হয়, পরীক্ষার খাতা বিতরণের সময় নিয়ম ভঙ্গ করে সহপাঠী মাসুম (১৯) আগে খাতা নেওয়াকে কেন্দ্র করে আরেক শিক্ষার্থী নাহিদ হাসান সৈকত (২০) প্রতিবাদ করেন। এতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম নাহিদকে চড়-থাপ্পড় মারলে নাহিদও পালটা আঘাত করে। পরে রাজিন সালেহসহ অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের থামিয়ে দেন।

পরীক্ষা শেষে রাজিন সালেহ কেন্দ্র থেকে বের হলে মাসুম ও তার সঙ্গে থাকা অজ্ঞাত চার থেকে ৫ জন তার পথরোধ করে  হত্যাচেষ্টার উদ্দেশ্যে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাতের বাহুতেসহ শরীরের অন্যান্যস্থানে গুরুতর আঘাত লাগে।

পরিস্থিতি থেকে বাঁচতে রাজিন দৌড়ে পাশের একটি কোচিং সেন্টারে আশ্রয় নেন। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে সহপাঠীদের সহযোগিতায় রাজিনকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. আল মুনসুর রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মাসুমকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরও চার থেকে ৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews