দিনের হিসেবে ৯৮১ দিন পর ব্রাজিল জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর দিনে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। ১৫ মিনিটের মতো মাঠে ছিলেন। ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে অনেকবার নেইমার বিষয়ে বলতে হয়েছে।

গ্রুপ সি’র শেষ রাউন্ডে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন ভিনিসিয়াস। প্রথমার্ধে যোগ করা সময়ে তৃতীয় মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে তৃতীয় গোলটি করেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের ৭৬ মিনিটে কুনহার বদলি হয়ে নামেন নেইমার।

ম্যাচের পর আনচেলত্তি বলেছেন, ‘নেইমার খেলার সুযোগ পেয়েছে কারণ সে এর যোগ্য ছিল, সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয়, এই বিশ্বকাপে তার গুণাবলীর কারণে দলকে সাহায্য করতে পারবে।’

‘মাত্র কয়েক মিনিট খেলেছে, কিন্তু ভালো খেলেছে। নেইমারের খেলার জন্য কোন অনুপ্রেরণার প্রয়োজন হয় না, ব্রাজিলের জার্সি পরার জন্য কোন খেলোয়াড়েরই অনুপ্রেরণার প্রয়োজন হয় না। তার বয়স ৩৪ বছর, কিন্তু তার মধ্যে এখনও একজন তরুণের মতোই আবেগ রয়েছে।’

তবে শুধু একক খেলোয়াড় নয়, পুর দল নিয়ে খুশি আনচেলত্তি। বলেছেন, ‘আমরা এখন দল হিসেবে খেলছি, এটাই লক্ষ্য ছিল। আমরা নিখুঁত নই, আমাদের কিছু বিষয়ে উন্নতি করতে হবে। আমি খুশি, উদ্বোধনী ম্যাচের পর থেকে দলের উন্নতি হয়েছে। যেহেতু আমরা নকআউট পর্বে পৌঁছে গেছি, এখন দৃঢ় থাকাটা খুব জরুরি।’

গন্তব্য জানা না থাকলেও জেতার লক্ষ্য নিয়ে আগাতে চান ইতালিয়ান কোচ, ‘আমরা কতদূর যেতে পারব তার জন্য কোন লক্ষ্য নির্ধারণ করিনি। লক্ষ্য শুধু ভালো খেলা নয়, লক্ষ্য হল জেতা। একজন ম্যানেজারকে তার জয় বা পরাজয় দিয়ে বিচার করা হয়, দল ভালো বা খারাপ খেলছে কিনা তা দিয়ে নয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews