যশোরের অভয়নগরে আব্দুল আজিজ শেখ(৯০) নামে শারীরিকভাবে অসুস্থ অসহায় বৃদ্ধকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অভয়নগর ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে এই হুইল চেয়ার দেওয়া হয়। বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার ধোপাদী গ্রামের পূর্বপাড়া এলাকায় বৃদ্ধ আব্দুল আজিজ শেখের বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ, সাধারণ সম্পাদক আকিব হোসেন গালিব, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য হাসান মাহমুদ, সাব্বির মজুমদার, রাইয়ানুল হক রাহাদ, আকিবুর রহমান আকিব, মিন্টু হোসেন, ইস্রাফিল হোসেন, সজল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মোল্যা তৌহিদুল ইসলাম।
সমাজ সেবক ও বৃদ্ধ আব্দুল আজিজ শেখের প্রতিবেশী মোল্যা তৌহিদুল ইসলাম বলেন, আব্দুল আজিজ শেখ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। নিঃসন্তান পরিবারে স্বামী-স্ত্রী দুইজনের বসবাস। আত্মীস্বজন ও প্রতিবেশীদের সহায়তায় তাদের সংসার চলে। তার স্ত্রী চলাচল করতে পারলেও প্যারালাইসিসের কারণে আব্দুল আজিজ চাচা চলাচল করতে পারেন না। ঠিকমত কথাও বলতে পারেন না। সঠিক সময় অসহায় অসুস্থ মানুষটির জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার কাজ করেছে বসুন্ধরা শুভসংঘ। এ জন্য অভয়নগর ব্লাড ব্যাংককেও ধন্যবাদ জানান তিনি।
এ ব্যাপারে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ বলেন, একজন অসুস্থ অসহায় বৃদ্ধের জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন এমন সংবাদ জানার পর সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। এগিয়ে আসে অভয়নগর ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের সৌজন্যে বৃদ্ধ আব্দুল আজিজ শেখের বাড়িতে গিয়ে নতুন একটি হুইল চেয়ার পৌঁছে দেওয়া হয়। অসুস্থ আব্দুল আজিজ শেখ ঠিকমত কথা বলতে না পারলেও ইশারায় বুঝিয়ে দেন হুইল চেয়ার পেয়ে খুশি হয়েছেন তিনি। শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভসংঘ সব সময় মানব সেবার কাজ অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/আরকে