ফেনীর দাগনভূঞায় চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামানন্দপুর গ্রামের বক্তার জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় ও মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত বাড়তে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই চারটি ঘরের মূল্যবান আসবাবপত্র ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে দু’টি টিনের ঘর এবং দু’টি সেমিপাকা ঘর ছিল।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন বিবি আমেনা বেগম (৫৫), আলেফা খাতুন (৮৫), বেলফা খাতুন (৫৫) এবং রোশনা খাতুন (৫০)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তদের কয়েক লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, আগুনের পেছনে প্রাথমিকভাবে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে আগুনের ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত তাদের সরকারি সহায়তা দেয়া হবে।