জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। নিউইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিওটি নিয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই দেখা যায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন এক লুকে হাজির হয়েছেন জায়েদ খান। তাঁর সঙ্গে দেখা গেছে দেশি-বিদেশি ছয় নারী মডেলকে। ভিডিওটিতে কখনো সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনো সমুদ্রতীর ঘেঁষা রাস্তায় বিভিন্ন দৃশ্যে হাজির হয়েছেন এই অভিনেতা।
জায়েদ বলেন, ‘এই গান দেখে মানুষ হাসাহাসি করবে না, এটা নিশ্চিত। এত বড় আয়োজনে দেশের তেমন কেউ কাজ করেনি। যে কারণে আয়োজনের কথা শুনেই মিউজিক ভিডিও করতে রাজি হয়ে যাই। একদম হলিউড স্টাইলে শুটিং করা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছি, হলিউড স্টাইলে কাজ না করাটা একটা অপ্রাপ্তি ছিল। এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি। সেটা গান দেখলেই দর্শকেরা বুঝবেন।’
জায়েদ আরও জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ অনেক লোকেশনে শুটিং হয়েছে। ‘গানটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমরা একটা সিনেমার গানেও এত সময় দিই না। এমনকি এত সুন্দর লোকেশনে আমাদের সিনেমার শুটিংও হয় না। আমি চেয়েছি গানটি আমরা প্রবাসী দর্শকসহ দেশের দর্শকেরা দেখুক। তাদের ভালো লাগবে,’ বলেন তিনি।
গানটি গেয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। তাঁর সঙ্গে আছেন দেশি-বিদেশি সাতজন মডেল। বাংলাদেশের মডেল ইয়াসমিন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা গানের ভিডিওটিতে অংশ নিয়েছেন।
গত মাসে গানটির দৃশ্যধারণ হয়েছে। গানের কোরিওগ্রাফার ছিলেন রোহান বিল্লাল এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। গানটি লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
পূর্বকোণ/নুসরাত