মগবাজার, ২ মার্চ – রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন।
সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে আনুষ্ঠানিকভাবে এই সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্থপতি মো. আবদুল্লাহ আল হাবিব।
স্বল্প খরচে সুচিকিৎসা নিশ্চিত করার প্রত্যয়ে আদ্-দ্বীন হাসপাতালের বিভাগীয় প্রধানরা ফিতা কেটে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সেবা কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আদ্-দ্বীন জাতীয় পর্যায়ে একটি রোল মডেল হিসেবে কাজ করছে এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে সেবার মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি।
বক্তারা আরও উল্লেখ করেন যে, আদ্-দ্বীনের সেবার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় এই অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো যা সর্বস্তরের মানুষের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালের সার্জারি, অর্থোপেডিক্স, শিশু সার্জারি, ইএনটি, চক্ষু, মেডিসিন, নিউরো মেডিসিন, গাইনি ও অবস, শিশু বিভাগ, নিওনেটোলজি এবং ডেন্টাল ইউনিটের জ্যেষ্ঠ অধ্যাপক ও চিকিৎসকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এম ম/ ২ মার্চ ২০২৬