চট্টগ্রাম, ১৭ জুলাই – দেশে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে সাতটি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি তথ্যানুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত জেলাগুলোতে পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝিতে উজানে ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ৩২ জনের প্রাণহানি ঘটেছে এবং চট্টগ্রামে ১৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে চাল, নগদ অর্থ ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এস এম/ ১৭ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews