উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামলো দুই দিন ব্যাপী টরোন্টো বাংলা বইমেলা'র। বইমেলায় বিপুলসংখ্যক বইপ্রেমী, লেখক, প্রকাশক শিশু কিশোর ও নারী পুরুষের পদচারণায় ঘটেছিল অন্যরকম এক মিলনমেলার। প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে আনন্দ উৎসবে মেতেছিল এই মিলনমেলায়।
প্রথম দিন স্থানীয় শহীদ মিনার থেকে এ আয়োজন শুরু হয়। অন্যমেলা আয়োজিত দুই দিনব্যাপী এই বই মেলায় অংশ নিয়েছেন অর্ধশত কবি সাহিত্যিক ও লেখক।
বই মেলায় ২৫ টি বুকস্টলে স্থান পায় বিভিন্ন ধরনের ৫ শতাধিক বই। বিভিন্ন বিভাগে অবদান রাখার জন্য ১৭০ জন কে সন্মননা দেওয়া হয় বইমেলার পক্ষ থেকে। স্থানীয় মেয়র অলিভিয়া চাও ও এম পি ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বই মেলায় টরোন্টোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাচ, গান আর আবৃত্তিতে মুখর করে রাখে দর্শকদের। বাংলাদেশ থেকে আগত প্রথিতযশা শিল্পীদের পরিবেশনায় দ্যুতি ছড়ায় অনুষ্ঠানের।
আয়োজকরা জানান, প্রাণের ভাষা বাংলাকে বিশ্বের বুকে তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই টরোন্টো বাংলা বইমেলার মূল লক্ষ্য।
উল্লেখ্য সাদি আহমেদের নেত্বতে গত ২০ বছর ধরে এই টরেন্টো বইমেলার আয়োজন চলছে। উল্লেখ্য আগামী বছর টরোন্টো’র ২১তম বইমেলা ২০২৭ -এর ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/টিএ