পিএসএলের অভিষেকটা স্মরণীয় করতে পারেননি নাহিদ রানা। তবে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করলেন না। গতরাতে গতির ঝড় তুলে কেড়ে নিলেন সব আলো। মাত্র ৭ রানে নেন ৩ উইকেট।

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে করাচি কিংস। পেশোয়ার জালমির দেয়া ২৪৭ রানের বিপরীতে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় করাচি। জালমি জয় পায় ১৫৯ রানের বিরাট ব্যবধানে।

রানের হিসাবে এটিই পিএসএল ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়। এই জয়ে ভূমিকা রাখেন বাংলাদেশী আরেক পেসার শরিফুল ইসলামও, ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।

করাচিতে টসে হেরে ব্যাটিং করতে নামা পেশোয়ারকে বড় স্বপ্ন দেখান কুশল মেন্ডিস ও বাবর আজম। দুজনে মিলে গড়েন ৯৭ বলে ১৯১ রানের জুটি। তাতেই ৩ উইকেটে ২৪৬ রান তুলে পেশোয়ার।

৫২ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করেন কুশল। আর বাবর ১০ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে ১২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন আবদুল সামাদ।

বিশাল লক্ষ্য তাড়ায় নাহিদ রানার বোলিং তোপে ৮৭ রানেই অলআউট হয় করাচি। রানা আউট করেন সাদ বেগ, খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে। করেছেন একটা মেইডেন ওভারও।

রানা ছাড়াও ইফতিখার আহমেদ ২.১ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট ও সুফিয়ান মুকিম ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। করাচির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আজম খান।

এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে উঠলো পেশোয়ার জালমি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews