ঈদের সময় ঘরে ঘরে নানা ধরনের সুস্বাদু খাবার করতে নন-স্টিক কড়াই বা প্যানের ব্যবহার করেন। কম তেলে রান্না করা যায় এবং খাবার লেগে যাওয়ার ভয় কম থাকে বলে অনেকেই এটি পছন্দ করেন। তবে ব্যবহার যত সহজ, এর যত্ন নেওয়াও ততটাই গুরুত্বপূর্ণ। পরিষ্কার করার সময় কিছু ভুল করলে খুব দ্রুত নন-স্টিক কোটিং নষ্ট হয়ে যেতে পারে।

গরম প্যানে ঠান্ডা পানি ঢালার ভুল
নন-স্টিক প্যানের সবচেয়ে বড় শত্রু হলো তাপমাত্রার হঠাৎ পরিবর্তন। অনেকেই রান্না শেষ করেই গরম কড়াইয়ে ঠান্ডা পানি ঢেলে দেন। এতে প্যানের কোটিংয়ে চাপ পড়ে এবং তা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। তাই রান্না শেষ হলে প্যানটি স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিন, তারপর পানি দিয়ে পরিষ্কার করুন।

শক্ত স্ক্রাবার ব্যবহার করা
পরিষ্কার করার সময় অনেকেই স্টিলের স্ক্রাবার বা শক্ত ব্রাশ ব্যবহার করেন, যা নন-স্টিক কোটিংয়ের জন্য খুবই ক্ষতিকর। এতে কোটিংয়ে আঁচড় পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে নন-স্টিক স্তর উঠে যেতে পারে। এর পরিবর্তে নরম স্পঞ্জ বা মাইক্রোফাইবার ব্যবহার করাই নিরাপদ। এতে প্যান পরিষ্কারও হবে, আবার কোটিংও ঠিক থাকবে।

অতিরিক্ত শক্ত ডিটারজেন্ট
তেল বা মসলার দাগ তুলতে অনেকেই শক্ত ডিটারজেন্ট ব্যবহার করেন। এতে প্যানের কোটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবসময় হালকা বা মাইল্ড লিকুইড ডিশওয়াশ ব্যবহার করা ভালো।

ভিজিয়ে না রেখে জোরে ঘষা
অনেক সময় খাবার প্যানে লেগে গেলে জোরে ঘষে তা তোলার চেষ্টা করা হয়, যা প্যানের জন্য ক্ষতিকর। এর বদলে প্যানটিতে হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে দাগ নরম হয়ে সহজেই উঠে যাবে।

ডিশওয়াশারে বারবার ধোয়া
সব নন-স্টিক প্যান ডিশওয়াশার-সেফ নয়। নিয়মিত ডিশওয়াশারে ধুলে কোটিংয়ের আয়ু কমে যেতে পারে। তাই হাতে ধোয়া বেশি নিরাপদ।

সঠিকভাবে পরিষ্কারের উপায়
নন-স্টিক বাসন পরিষ্কার করা খুবই সহজ। প্রথমে প্যানটি ঠান্ডা হতে দিন। তারপর হালকা গরম পানি ও অল্প ডিশওয়াশ দিয়ে নরম স্পঞ্জ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন। খুব বেশি জোরে ঘষার প্রয়োজন নেই। পরিষ্কার হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।

সূত্র: নিউজ এইটটিন, গুড হাইজ কিপিং ও অন্যান্য

এসএকেওয়াই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews