রংপুরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মানিক মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে ১২টায় তাকে নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে গ্রেফতার করে মহানগর তাজহাট থানা পুলিশ।

শহীদ মানিক মিয়া জুলাই আন্দোলনের সময় নিহত হন, তিনি অটোরিকশাচালক ছিলেন।

গ্রেফতার আখতারুজ্জামান ভুট্টু নগরীর তাজহাট শেখপাড়া এলাকার পাগলা আহমেদের ছেলে। তিনি মানিক হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, তথ্য-প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি রংপুর শহরে এসে সরকার এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতার সাথে সম্পৃক্ত হন। তিনি জুলাই আন্দোলনে অর্থ প্রদান ছাড়াও সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলায় অংশ নিয়েছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার আদালতে তোলা হবে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা সৃষ্টিকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আখতারুজ্জামান ভুট্টুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা করার অভিযোগও আছে। সাম্প্রতিক সময়ে তিনি নগরীতে প্রবেশ করে গোপনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টাও করছিলেন। পুলিশ যে কোনো ধরনের অপরাধীকে জিরো টলারেন্স নীতিতে আইনের আওতায় আনবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews