ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে অনেকেই এর ওপর থাকা বিভিন্ন চিহ্ন লক্ষ্য করেন। তবে কার্ডে থাকা ওয়াই-ফাইয়ের মতো পাশ ফিরে থাকা ছোট চিহ্নটির অর্থ জানেন না অনেকেই। দেখতে ইন্টারনেটের প্রতীকের মতো হলেও এর সঙ্গে ওয়াই-ফাইয়ের কোনো সম্পর্ক নেই। এটি মূলত কনট্যাক্টলেস পেমেন্টের প্রতীক। অর্থাৎ, ওই কার্ডে ‘ট্যাপ অ্যান্ড পে’ সুবিধা রয়েছে।

কনট্যাক্টলেস পেমেন্টের মাধ্যমে পিওএস মেশিনে কার্ড ঢোকানো বা সোয়াইপ করার প্রয়োজন হয় না। নির্দিষ্ট দূরত্বের মধ্যে পিওএস মেশিনের কাছে কার্ডটি ধরলেই লেনদেন সম্পন্ন করা যায়। এ ক্ষেত্রে কার্ডের ভেতরে থাকা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কার্ডটি পিওএস মেশিনের কাছে ধরলে কয়েক সেকেন্ডের মধ্যেই কার্ড ও মেশিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় লেনদেন সম্পন্ন হয়। ফলে দোকান, রেস্তোরাঁ, শপিং মল কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে দ্রুত পেমেন্ট করা সম্ভব হয়।

এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো সময় সাশ্রয়। বিশেষ করে ছোটখাটো কেনাকাটার ক্ষেত্রে দ্রুত লেনদেনের সুযোগ থাকায় অনেকেই কনট্যাক্টলেস পেমেন্ট ব্যবহার করছেন। এতে কার্ড অন্যের হাতে দেওয়ার প্রয়োজনও কমে যায়।

তবে ট্যাপ করলেই সব ধরনের লেনদেন পিন ছাড়াই করা যায়—এমনটি নয়। নির্দিষ্ট সীমার বেশি অর্থের লেনদেনে কার্ডের পিন চাইতে পারে পিওএস মেশিন। এই সীমা ব্যাংক ও কার্ড নেটওয়ার্ক অনুযায়ী ভিন্ন হতে পারে।

নিরাপত্তার ক্ষেত্রেও কনট্যাক্টলেস লেনদেনে বিভিন্ন ব্যবস্থা থাকে। লেনদেনের তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করা হয় এবং নির্দিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন হতে পারে। তবে কার্ড হারিয়ে গেলে দ্রুত ব্যাংকে জানিয়ে সেটি ব্লক করা জরুরি।

বর্তমানে অনেক ভিসা,মাস্টারকার্ডসহ অনেক কার্ডে কনট্যাক্টলেস পেমেন্ট সুবিধা রয়েছে। তাই কার্ডে ওয়াইফাইয়ের মতো চিহ্নটি দেখলে বুঝতে হবে, সেটি আসলে দ্রুত ও সহজে ট্যাপ করে পেমেন্ট করার সুবিধার সংকেত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews