ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সম্প্রতি এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বাছাইয়ের সেমিফাইনালে উঠে আসন্ন জাপান এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি ও নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসরের খেলা। গেমসের পর্দা নামবে ৪ অক্টোবর। বাছাইয়ে সাফল্য পেয়ে বাংলাদেশ জাতীয় নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমস নিশ্চিত করায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও যেন নড়েচড়ে বসেছে। নারী হকি দলের এমন সাফল্যের পরই বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) পেল কোটি টাকার পৃষ্ঠপোষকতা।


চলতি মাসের শেষ দিকে জাপানে শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের খেলা। যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। এই টুর্নামেন্টকে সামনে রেখেই পৃষ্ঠপোষক হিসেবে ১ কোটি টাকা নিয়ে বাহফের পাশে এসে দাঁড়ালো ইপিলিয়ন গ্রুপ। গতকাল বিকালে বাহফের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হকি ফেডারেশন ও ইপিলিয়ন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সংবাদ সম্মেলনে বাহফের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ মে জাপানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ দল। এই টুর্নামেন্টে ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ ইপিলিয়ন গ্রুপের পৃষ্ঠপোকতার মাধ্যমে খরচ হবে, বাকি টাকা আমরা জোগাড় করব।’


ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন,‘আমরা হকি ফেডারেশনকে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য এক কোটি টাকার স্পন্সর করছি। ইপিলিয়ন গ্রুপ খেলাধুলার উন্নয়নে সব সময়ই কাজ করে। ইতোপূর্বে আমরা ফুটবল, ক্রিকেট ও কাবাডিতে পৃষ্ঠপোষকতা করেছি। এবার হকিতে সম্পৃক্ত হলাম।’ প্রায় সব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানই ফুটবল, ক্রিকেট কিংবা অন্য খেলায় জাতীয় দলকে স্পন্সর করে। তৃণমূলের খেলোয়াড়দের জন্য পৃষ্ঠপোষক সেই তুলনায় কম। ইপিলিয়ন গ্রুপ খেলার উন্নয়নে মূলত মনোযোগী জানিয়ে সাদেকুজ্জামান আরো বলেন, ‘আমরা আসলে চাই খেলোয়াড়দের ভিত তৈরি করতে। আজ যারা হকির অনূর্ধ্ব-১৮ দলে আছেন তারাই কয়েক দিন পর জাতীয় দলে খেলবে। আমরা হকির উন্নয়ন পার্টনার হিসেবে থাকতে চাই।’
বাংলাদেশ নারী হকিতে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। তারাও হকির উন্নয়ন পার্টনার। তাই ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির সঙ্গী হওয়ার আহবান বাহফের সাধারণ সম্পাদকের। তার কথায়, ‘ব্র্যাক ব্যাংক নারী হকি নিয়ে কাজ করছে। ডুপ্লিকেশনের সুযোগ নেই, তাই আমরা ইপিলিয়ন গ্রুপকে অনুরোধ করব দেশের পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার।’ ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজ উদ্দিন আল মামুন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। তার নিজ জেলা নারায়ণগঞ্জ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় স্পন্সর করেছে ইপিলিয়ন গ্রুপ। ২০১৫ সালে ইপিলিয়ন গ্রুপ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্পন্সর করেছিল ইপিলিয়ন গ্রুপ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews