ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে চলতি আসরের। ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত এ টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উচ্ছ্বাস ও উত্তেজনার প্রকাশও চোখে পড়ছে।

বিশ্বকাপের ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিনও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ভক্তদের নজর কাড়ে। পোস্টে তিনি স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর মধ্যে দুটিতে তাদের আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরে হাস্যোজ্জ্বল ও রোমান্টিক ভঙ্গিতে দেখা গেছে।

তবে ধারণা করা হচ্ছে, জার্সি পরা ছবিগুলো এআই-জেনারেটেড। একই সঙ্গে পোস্টে থাকা বাকি দুটি ছবিতে তাদের সাধারণ পোশাকে একই ধরনের পোজে দেখা গেছে।

সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে তানজিকার দেওয়া ক্যাপশন, যা নেটিজেনদের মধ্যে হাসির রসদ জুগিয়েছে। কারণ, বাস্তবে তার স্বামী আর্জেন্টিনার সমর্থক নন, তিনি ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

ছবির ক্যাপশনে তানজিকা আমিন নিজেই এই জার্সিবদলের মজার রহস্যের খোলাসা করেছেন। রসাত্মক ভঙ্গিতে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার স্বামীর এটি অত্যন্ত চতুর একটি পদক্ষেপ। সে একজন পাক্কা ব্রাজিলের সমর্থক, কিন্তু আগামীতে আরও অনেক বছর সে সুস্থ ও শান্তিতে বেঁচে থাকতে চায় বলেই তার এই ক্ষুদ্র প্রয়াস!’ 

স্বামীর এমন কাণ্ড যে বেশ উপভোগ করেছেন তানজিকা, তিনি লেখেন, ‘আই লাইকড ইট। চিয়ার্স টু সাইফ বাসুনিয়া এবং তার চিরকালের প্রিয় স্লোগান— হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ।’ 

ক্যাপশনের শেষে আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন ‘ভ্যামোস’।

শোবিজ অঙ্গনে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের আধিক্য দেখা যায়। বিশ্বকাপ সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেক তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী।

অন্যদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী দেশের বিনোদন অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকা ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত। এ তালিকায় আছেন মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, অপু বিশ্বাস ও শবনম বুবলীর মতো তারকারা। 

অপরদিকে আর্জেন্টিনার কড়া ভক্তদের তালিকায় আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, পরীমণি ও পূজা চেরির মতো প্রথম সারির তারকারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews