জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন আবদুল হাদীর জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জবানবন্দি গ্রহনে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, এই মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের কাছে ওসমান হাদী জবানবন্দি দিয়েছিলেন। এরপর ওসমান হাদী মৃত্যুবরণ করেছেন। আইনের বিধান অনুসারে তার সেই জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তা উপস্থাপন করলে আদালত তা গ্রহণ করেছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৬শে এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

গত ২২শে জানুয়ারি ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

উল্লেখ্য, ওসমান হাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews