জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি গণমাধ্যমে পাঠের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)–এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানিয়েছেন, এটি সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল–এর অনুরোধে এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি করেছেন। তিনি নিজে এর রচয়িতা নন।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে তিনি বক্তব্যটি পাঠ করেন। তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি।
রোবাইয়াত ফাতিমা তনি অভিযোগ করেছেন, সংবাদ সম্মেলনের পর থেকে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া অনলাইন বুলিং, ট্রলিং এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত সুনামকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।
তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় জিডি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাইবার আইনসহ অন্যান্য আইন অনুসারে অনলাইন হয়রানি ও ভীতি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
রোবাইয়াত ফাতিমা তনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে; তবে প্রাণনাশের হুমকি, মানহানি বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।