সকাল ১০টা থেকেই গাবতলী মহিলা কলেজের হলরুমে বসে আছেন উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের ২০ নারী। কেউ মায়ের সঙ্গে এসেছেন, কেউ আবার সন্তান কোলে নিয়েই চলে এসেছেন।

তাঁদের চোখে-মুখে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়ার, তাঁরা আজ বেশ আনন্দিত। তিন মাস ধরে তাঁরা প্রশিক্ষণ নিয়েছেন সেলাই কাজের। কিভাবে কাপড় কাটতে হবে, কিভাবে সেলাই করতে হবে শিখেছেন প্রতিনিয়ত। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন পাবেন—এই প্রত্যাশায় ছিলেন সবাই।

নিজের একটি সেলাই মেশিন হবে, একেবারে নতুন মেশিন ঘরে নিয়ে যাবেন, সেই মেশিনের মাধ্যমে সুই আর সুতায় গাঁথবেন আগামীর স্বপ্ন। গ্রামীণ দরিদ্র পরিবারের অসচ্ছল নারীদের সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নেতৃত্বে সারা দেশে এমন মানবিক কাজ বাস্তবায়ন করছে বসুন্ধরা শুভসংঘ। সমাজের পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে বগুড়ার গাবতলীতে ২০ জন নারীর হাতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

গত ১৫ মে শনিবার সকাল ১১টায় গাবতলী মহিলা কলেজের হলরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির নেতা ও নারী সংগঠক সুরাইয়া জেরিন রনি। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাবতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু ও গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম। নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রতিবেদক, সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টি এম মামুন, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, বসুন্ধরা শুভসংঘের গাবতলী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সাবিনা বেগম, গাবতলী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জুয়েল, ফটো সাংবাদিক আল আমিন, ফটো সাংবাদিক মামুনুর রশিদ, বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল, শুভসংঘের সংগঠক শাফিউল আলম, মশিউর রহমান জুয়েল, সজল শেখ, সাহাদত জামান, উপজেলা যুবদল নেতা মো. রতন, সমাজসেবক মেহেদী হাসান, জাকারিয়া ইসলাম জিহাদ, ছনি মিয়া, কামাল উদ্দিন প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁরা বলেন, তিন মাস প্রশিক্ষণ নিয়ে আমরা দক্ষ হয়েছি, এখন বসুন্ধরার দেওয়া সেলাই মেশিন পেয়ে স্বনির্ভর হব। নিজের খরচসহ পরিবারকে সহায়তা করতে পারব। সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারব।

জাকারিয়া জামান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় গ্রামীণ নারীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে সারা দেশে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত তিন বছরে তিন হাজারের বেশি নারীকে স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে। আমরা নিয়মিত তাঁদের খোঁজ রাখছি। বেশির ভাগ নারীই স্বাবলম্বী হয়েছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হয়ে উঠেছেন তাঁরা। তাঁদের পরিবারে সচ্ছলতা এসেছে।’

গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে অসহায় নারীদের তিন মাস ট্রেনিং শেষে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ, এটা খুবই ভালো উদ্যোগ। আগামী দিনেও তাদের এমন সব ভালো কাজ অব্যহত থাকবে, সেই প্রত্যাশা করি।’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শুনেছি, ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা’। বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন কর্মসূচি হাতে নেওয়ার জন্য। দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতাই পারে একটি সুন্দর দেশ উপহার দিতে।”

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সুরাইয়া জেরিন রনি বলেন, নারীর উন্নয়নে এটি অত্যন্ত চমৎকার উদ্যোগ। বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। এমন উদ্যোগ নারীদের স্বনির্ভর করবে। বিশেষ করে অসচ্ছল নারীরা প্রশিক্ষণ পেয়ে দক্ষতা অর্জন করছেন, বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে তাঁরা পরিবারে সচ্ছলতা আনবেন। এমন কার্যক্রম চালু থাকলে দেশে অসচ্ছল নারীর সংখ্যা কমে আসবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews