জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। প্রাণবন্ত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রঙ পুকুরে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি আবাসিক হলের প্রতিটি হল থেকে দু’জনের সমন্বয়ে গঠিত ১১টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় স্থান অর্জন করে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে এ এফ এম কামালউদ্দিন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি বলেন, ‘এই ভেলা বাইচ প্রতিযোগিতা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এমন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে তরুণ প্রজন্ম যে আন্তরিকভাবে কাজ করছে, তা আশাব্যঞ্জক। আমরা যে জায়গাগুলোতে কিছুটা বিচ্যুত হয়েছি, এ ধরনের আয়োজনের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে বলে আমি মনে করি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘এই আয়োজন সফল হয়েছে মূলত অংশগ্রহণকারী হলগুলোর আন্তরিকতার কারণে। শিক্ষার্থীরা অংশ না নিলে এমন প্রাণবন্ত আয়োজন সম্ভব হতো না।’

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর এ কে এম রাশেদুল আলম, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews