উচ্চ বেতন পেলেই যে বিলাসবহুল জীবনযাপন করতে হবে, সেই ধারণার বাইরে গিয়ে ভিন্ন উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার এক তরুণ প্রকৌশলী। বছরে প্রায় ৩ কোটি টাকা আয় করলেও তিনি গাড়ি, টিভি বা নিজস্ব বাড়ি ছাড়াই খুব সাধারণ জীবন কাটাচ্ছেন। তার লক্ষ্য, অল্প বয়সেই চাকরি থেকে অবসর নেওয়া।
২৪ বছর বয়সী রেমন্ড জেং বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় থাকেন। এর আগে তিনি টেক্সাসের ডালাসে দুই বছর ছিলেন। তিনি জানান, নিজের আয় থেকে যত বেশি সম্ভব অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করতেই তিনি ইচ্ছাকৃতভাবে সাদামাটা জীবন বেছে নিয়েছেন।
রেমন্ডের বার্ষিক আয় প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমান। বেতন ছাড়াও অতিরিক্ত পুরস্কার ও প্রতিষ্ঠানের শেয়ার তার মোট আয়ের প্রায় ৬০ শতাংশ। কর ও অবসর তহবিলে অর্থ জমা দেওয়ার পর প্রতি মাসে তার হাতে থাকে প্রায় ৪ লাখ টাকা। তবে শেয়ার ও অতিরিক্ত অর্থ যোগ হলে মাসে তার সঞ্চয় ৫ লাখ থেকে ১৯ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
রেমন্ড বলেন, অনেক বন্ধু তার জীবনযাপনকে ‘স্পার্টান’ বা অত্যন্ত কঠোর ও সাদামাটা বলে মন্তব্য করেন। তার ঘরে গাড়ি, সোফা কিংবা টিভিও নেই। তবে এটি বাধ্য হয়ে নয়, নিজের সিদ্ধান্তেই করছেন তিনি।
তার মতে, অপ্রয়োজনীয় জিনিসে খরচ না করে ভ্রমণ, শখ ও বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এ জন্য নিজের খরচের প্রতিটি হিসাব তিনি নিজেই তৈরি করা তালিকায় নিয়মিত লিখে রাখেন।
রেমন্ডের লক্ষ্য, ৩০ বছর বয়সের মধ্যেই চাকরি থেকে অবসর নেওয়া। তার ধারণা, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ওই বয়সে তার বিনিয়োগের পরিমাণ ১৯ কোটির বেশি হবে। আর ৪০ বছর বয়সে তা বেড়ে প্রায় ৬৭ কোটিতে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি বদলালে ভবিষ্যৎ পরিকল্পনাও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বিডিপ্রতিদিন/কেকে