আইপিএলের নতুন মৌসুমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো এই তারকা টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গ্রিনের ইনিংস থামে মাত্র ৪ রানে। প্রথম বলেই চার পেলেও পরের বলেই উইকেটরক্ষকের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি। এর আগে দুই ম্যাচে করেছিলেন ১৮ ও ২ রান। ফলে তিন ম্যাচে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ২৪ রান।

গ্রিনকে নিয়ে সমালোচনার আরেকটি বড় কারণ, তিনি এখনও বোলিং করতে পারছেন না। কোমরের নিচের অংশের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় আপাতত তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলানো হচ্ছে। অথচ তাকে দলে নেওয়া হয়েছিল মূলত অলরাউন্ডার হিসেবে।

এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষকরাও। সুনিল গাভাস্কারের মতে, বোলিং করতে না পারলে গ্রিনকে কেবল ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা উচিত, এবং সে ক্ষেত্রে একাদশে তার জায়গা নিয়ে ভাবতে হবে। রাভিচান্দ্রান অশ্বিন আরও কড়া মন্তব্য করে বলেছেন, বোলিং না করলে তার পারিশ্রমিক কমানো উচিত।

অন্যদিকে, পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানের সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। বৃষ্টির সম্ভাবনা ও দুর্বল বোলিং আক্রমণ থাকা সত্ত্বেও তিনি টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, যা অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে।

৩.৪ ওভারে ২ উইকেটে ২৫ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচটি আর এগোয়নি। ফলে টানা দুই হারের পর প্রথম পয়েন্ট পেলেও সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থামছে না।

আনিল কুম্বলে, সাবা করিম ও শ্রীভাৎস গোস্বামীর মতো সাবেক ক্রিকেটাররাও রাহানের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, এমন পরিস্থিতিতে আগে বোলিং করাই ছিল যুক্তিযুক্ত।

রাহানে অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তার মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল বলেই আগে রান তোলার পরিকল্পনা করা হয়েছিল। তবে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিংই করতেন।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews