সারাদেশে জ্বালানি সংকট চলাকালেই নাটোরের গুরুদাসপুরে প্রায় অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের এক নেতা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে অব্যাহতি দেয়।

অব্যাহতি পাওয়া ওই নেতা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই তিনি এ শোডাউনের আয়োজন করেন|

রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে হাইয়েস ও প্রাইভেটকারসহ প্রায় অর্ধশত গাড়ির বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। 

এ সময় সমর্থকদের স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

এদিকে, শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়| এর প্রেক্ষিতে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়ভাবে তাকে অব্যাহতি দেয়।

জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনের আগে নিজের অবস্থান জানান দিতে এবং শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই এই গাড়ি বহরের আয়োজন করা হয়। 

তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা দাবি করেন, জ্বালানি সংকট শুরুর আগেই গাড়িগুলো আগাম বুকিং করা ছিল। মূলত রমজান মাসে কর্মসূচিটি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। ঈদের পর গাড়িচালকদের ভাড়ার চাপ কম থাকায় তাদের অনুরোধেই অনুষ্ঠানটি করা হয়েছে। 

তিনি আরও বলেন, শোডাউনে অংশ নেওয়া অধিকাংশ গাড়িই সিএনজি ও এলপিজি চালিত ছিল, তেলচালিত কোনো গাড়ি ব্যবহার করা হয়নি। এছাড়া জ্বালানি সংকটে ছাত্রদল সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে বলেও দাবি করেন তিনি।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews