ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু তাৎক্ষণিক পরিস্থিতির দিকে না তাকিয়ে ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিপদের সঙ্কেত বুঝে সিদ্ধান্ত নেয়া এবং একটি পথ বন্ধ হলে বিকল্প পথ খুঁজে বের করার সক্ষমতা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।

শনিবার খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত রুকন প্রার্থীদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে (পুরুষ ও মহিলা) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে এবং অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপির পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা মো. শাহজাহান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের দায়িত্ব হলো নিজের সামর্থ্য অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেয়া। তবে চূড়ান্ত ফলাফলের জন্য বস্তুগত শক্তির ওপর নির্ভর না করে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। জাগতিক, বৈষয়িক, লজিস্টিক ও কারিগরি প্রস্তুতি থাকা প্রয়োজন; কিন্তু এসবকে সফলতার একমাত্র ভিত্তি মনে করা যাবে না।

তাওয়াক্কুলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিজের তদবির ও বস্তুগত শক্তির ওপর অতিরিক্ত নির্ভর না করে আল্লাহর ওপর ভরসা করতে হবে। নিজের সামর্থ্য ও যোগ্যতার পাশাপাশি পরীক্ষার সময়ে আল্লাহর সাহায্যের ওপর আস্থা রাখতে হবে। একা হলেও আদর্শের পথে টিকে থাকার জন্য আল্লাহর ওপর নির্ভর করতে হবে।

তিনি বলেন, সংগঠনের বায়াতের মাধ্যমে একজন কর্মীকে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যাতে সংগঠন তার ওপর আস্থা রাখতে পারে। ঝড়, প্রতিবাদ, জুলুম কিংবা নানা প্রতিকূলতা এলেও দৃঢ়ভাবে দায়িত্ব পালনের মানসিকতা তৈরি করতে হবে। আত্মসমালোচনা, সংশোধন ও জবাবদিহির মাধ্যমে দায়িত্বশীলদের কর্মীদের মধ্যে এ দৃঢ়তা গড়ে তুলতে হবে।

শুকরের গুরুত্ব তুলে ধরে গোলাম পরওয়ার কোরআনের ‘লাইন শাকারতুম লা-আজিদান্নাকুম’ আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি তা আরও বাড়িয়ে দেন। এসব গুণ অর্জনের মাধ্যমে মুমিনের বৈশিষ্ট্য ধারণ করতে হবে।

শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আবদুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews