২৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কিছু ‘প্রধান বিষয়ে’ একমত হয়েছে। এর পরপরই তিনি দাবি করেন, তেহরান জ্বালানি তেল, গ্যাস এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের সিদ্ধান্তের পাশাপাশি এই বিবৃতিগুলো আন্তর্জাতিক মহলে গভীর কূটনৈতিক আশাবাদ তৈরি করেছে। যার প্রভাবে বিশ্ববাজারেও একধরনের স্বস্তি লক্ষ করা যাচ্ছে।
তবে এই আশাবাদ মূলত দুটি ভিন্ন পরিস্থিতিকে গুলিয়ে ফেলছে। একটি হলো যুদ্ধের ফলে এমন এক অচলাবস্থা তৈরি হওয়া, যেখানে লড়াই চালিয়ে যাওয়া উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। আর দ্বিতীয়টি হলো এমন একটি টেকসই কাঠামো তৈরি করা, যার মাধ্যমে স্থায়ী শান্তিতে পৌঁছানো সম্ভব। বর্তমানে প্রথম পরিস্থিতির লক্ষণ স্পষ্ট হলেও দ্বিতীয়টি এখনো পুরোপুরি অনুপস্থিত।