মুম্বাই, ৬ আগস্ট – চণ্ডীগড় জেলা আদালত বলিউড মেগাস্টার সালমান খান এবং তার বোন আলভিরা খান অগ্নিহোত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সমন জারি করেছে। সালমান খানের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের জুয়েলারি শোরুম সংক্রান্ত একটি মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই সাথে সংশ্লিষ্ট বিপণনকারী প্রতিষ্ঠান স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাদেরও তলব করা হয়েছে। আগামী ৫ অক্টোবর এই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং অভিযুক্তদের সশরীরে হাজির হতে বলা হয়েছে। ব্যবসায়ী অরুণ গুপ্তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার অভিযোগ অনুযায়ী, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে মনিমাঝরায় একটি এক্সক্লুসিভ শোরুম খুলতে বাধ্য করা হয়েছিল যার ফলে তিনি কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হন। চুক্তির শর্ত অনুযায়ী তিনি প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করলেও পরবর্তীতে তাকে যথাযথ সহায়তা দেওয়া হয়নি।

ব্যবসায়ী অরুণ গুপ্তা আরও জানান, শোরুম চালু হওয়ার পর থেকেই সংস্থাটি প্রতিশ্রুতি রক্ষা করা বন্ধ করে দেয়। বিশেষ করে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে গয়না সরবরাহ বন্ধ থাকায় ব্যবসাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, এই ব্যবসায় সালমান খানের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই।

তারা কেবল লাইসেন্স নিয়ে ব্র্যান্ডের নাম ব্যবহার করছিল এবং ব্যবসার পরিচালনাগত দায়ভার সম্পূর্ণ তাদের ওপরই ন্যস্ত ছিল। আগামী ৫ অক্টোবর চণ্ডীগড় জেলা আদালতে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এস এম/ ৬ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews