পারফরম্যান্সের অবস্থা যাচ্ছেতাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অভিজ্ঞতা একেবারেই কাজে লাগেনি পাকিস্তানের। এরপর বাদ পড়েছেন দল থেকে। তিনি বাবর আজম। এবার নতুন রূপে দেখা গেল তাকে। ব্যাট ছেড়ে হাতে নিলেন খুন্তি। হ্যাঁ ঠিকই শুনছেন। ২২ গজ ছেড়ে সোজা রান্নাঘরে হাজির হলেন বাবর। যা দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন।
পবিত্র ঈদ উপলক্ষে রান্নাঘরে উপস্থিত হয়েছিলেন বাবর। কী রান্না করলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানি ক্রিকেটার। সেখানে দেখা যাচ্ছে, বেশ মন দিয়ে রাঁধছেন তিনি। কিভাবে রান্না করছেন, তাও দেখানো হয়েছে ওই ভিডিওতে। দেখা যায়, সেমাই, দুধ, খেজুর দিয়ে জনপ্রিয় এক পদ প্রস্তুত করছেন। যার নাম ‘শির খুরমা’। এটি একটি ডেজার্ট। জনপ্রিয় এই পদটি সাধারণত ঈদের সময় বানানো হয়।
বাবর বলেন, ঈদে প্রিয় কিছু পদ রান্না করেছি। সকলকে ঈদের শুভেচ্ছা। প্রত্যেক বন্ধু, পরিবারের সাথে বিশেষ এই দিন উদযাপন করুন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্য ফেরেনি পাকিস্তানের। আরো একটা আইসিসি টুর্নামেন্ট, সেখানে আগের মতোই নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত সুপার এইট পর্বেই থেমে যায় তাদের অভিযান। দলের সিনিয়র ক্রিকেটাররাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট হাতে নিরাশ করেছেন বাবর আজমও।
বাবরের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘মরণবাঁচন’ সুপার এইট ম্যাচেও প্রথম একাদশে জায়গা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ইনিংসে করেছেন মাত্র ৯১ রান। গড় ২২.৭৫। স্ট্রাইকরেট আরো খারাপ। ১১২.৩৪। তার ওপর বাবরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট লুকিয়ে খেলেছিলেন। এমনকি তার বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তদন্ত দাবি করেছিলেন। সেই বাবরকে রান্নাঘরে দেখে নেটিজেনরা কটাক্ষ করছেন। কেউ লিখেছেন, ‘বাবর আজমের পরিচিত হোন। একজন পাকিস্তানি ক্রিকেটার, যিনি সব ফরম্যাটেই খেলেছেন। এখন ক্রিকেট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে রাঁধুনি হওয়ার পথ বেছে নিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘নতুন পেশায় হাত পাকাচ্ছেন বাবর।’