প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব। তাই যেকোনো সংঘাত এড়িয়ে এবং জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কেন্দ্রে
যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সমপ্রচার করা হয়েছে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কমিশনের প্রত্যাশার কথা তুলে ধরেন।
ভাষণের শুরুতেই সিইসি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’ তিনি একইসঙ্গে আহত জুলাইযোদ্ধাদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য দোয়া করেন।
সিইসি বলেন, ‘নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং এটি একটি দায়িত্ব।’ তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।’ এই বিষয়টি মাথায় রেখে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি। জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা ও নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিইসি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে সবাইকে সহজভাবে মেনে নিতে হবে। তিনি ব্যক্তিগত কষ্ট বা সীমাবদ্ধতাকে তুচ্ছজ্ঞান করে জাতীয় নির্বাচনের এই মহতি কর্মযজ্ঞকে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান। সিইসি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হতে পারবে।
উল্লেখ্য, আজ সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ।