সংবাদপত্রশিল্পে শুল্ক-কর কমানোর প্রস্তাব করেছেন সংবাদপত্রের মালিকেরা। সংবাদপত্রশিল্পের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্টের ওপর আরোপিত ৩ শতাংশ আমদানি শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া করপোরেট কর সাড়ে ২৭ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিও করেছেন সংবাদপত্রের মালিকেরা। এর পাশাপাশি বিজ্ঞাপন আয়ের ওপর ৫ শতাংশ উৎসে কর এবং কাঁচামাল আমদানির ওপর ৫ শতাংশ অগ্রিম কর কমানোর কথাও বলেন তাঁরা।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা এ সুপারিশ করেন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদপত্রের মালিকেরা এ শিল্পের বর্তমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন।