ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রবিবার (৩১ মে) রাতে হাটহাজারী আমানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মেজবান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ও সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এ মেজবানের আয়োজন করেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ সমুন্নত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। প্রধানমন্ত্রী যেভাবে এই দেশ ও দেশের মানুষকে একটি উন্নত রাষ্ট্র ও জনগোষ্ঠিতে রূপান্তরিত করতে চান, সেই অভীষ্ট লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। আমরা কাউকে নিরাশ করব না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যেন ফ্যাসিস্ট হাসিনার মতো পালিয়ে যেতে না হয়। সন্মানের সঙ্গে যেন আবার মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১ আসনের সংসদ-সদস্য নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রমুখ।

ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি হাটহাজারী থেকে বার বার এমপি নির্বাচিত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক ছিলেন। আমিও সেই আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews