নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পুরুষ সদস্যরা দলীয় দায়িত্ব পালন করতে পারবেন না, কেন্দ্রীয় কমিটির এমন সিদ্ধান্তের পর কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির মো. এনামুল হক।

সোমবার রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেইজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ সিদ্ধান্তের আলোকে জেলা শাখার সেক্রেটারি হিসেবে মো. এনামুল হককে মনোনীত করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজনকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে শহর জামায়াতের আমির এনামুল হককে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক।

দলীয় পদ হারানোর বিষয়ে তিনি বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই ওই কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। সে সময় দলীয় গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা শিথিল থাকায় দায়িত্ব পেতে কোনো বাধা হয়নি।

এদিকে জেলার নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনামুল হক ব‌লেন, ‘সবার সহযোগিতায় সর্বসম্ম‌তিক্রমে আমা‌কে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। আমি নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে চাই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews