বিশ্বকাপে জালের দেখা পাওয়া প্রতিটি ফুটবলারের জন্য স্বপ্ন বলা যায়। একেকটি গোল যেন একেকটা ইতিহাস। একেকটা গোলে রচিত হয় রূপকথার গল্প। এখানে গোল করার পাশাপাশি গোলে সহায়তা করাও আনন্দের।
জেনে নেয়া যাক, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ পাঁচ ফুটবল শিল্পী কথা। গোল করে আর করিয়ে যারা বিশ্বফুটবলে নিজেদের নিয়ে গেছেন অনন্য এক নতুন উচ্চতায়।
এদসোঁ আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)
তাদের মাঝে সবার উপরে আছেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় পেলে। কখনো গোল করে, কখনো বা গোলে অ্যাসিস্ট করে ব্রাজিলিয়ান এই কিংবদন্তী দলকে এনে দিয়েছেন স্মরণীয় মুহূর্ত।
পরিসংখ্যান বলছে, বিশ্বমঞ্চে ১৪ ম্যাচ খেলে গোল আর অ্যাসিস্ট মিলিয়ে ২১ গোলে অবদান তিনবারের বিশ্বজয়ী এ ফুটবলারের। যেখানে ১২ গোলের বিপরীতে ৯ অ্যাসিস্ট করেছেন তিনি।
লিওনেল মেসি
তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন সর্বকালের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসিও। বিশ্বকাপে ২৬ ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার গোলের অবদান পেলের সমান ২১টিতে।
আসন্ন বিশ্বকাপে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন মেসি। পেলেকে ছাড়িয়ে এবার এ রেকর্ডটি এককভাবে নিজের করে নেয়ার সুযোগ পাবেন এলএম-১০। এই মুহূর্তে বিশ্বকাপে তার গোল ১৩টি ও অ্যাসিস্ট ৯টি।
মিরোস্লাভ ক্লোসা
তালিকার তিনে নামটা জার্মানির গোল মেশিন মিরোস্লাভ ক্লোসার। এককভাবে বিশ্বকাপে গোল করার তালিকায় শীর্ষে থাকলেও ২৪ ম্যাচে ১৬ গোল আর ৩ অ্যাসিস্ট মিলিয়ে গোলে অবদানের তালিকার তিন নম্বরে জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতানো এ ফুটবলারের।
রোনালদো নাজারিও
রোনালদো নাজারিও ব্রাজিলের আরেক পোস্টারবয়। বিশ্বকাপের ১৯ ম্যাচ খেলে তার নামের পাশেও আছে ১৯ গোলের অবদান। ব্রাজিলকে সর্বশেষ ২০০২ বিশ্বকাপ এনে দিতে রোনালদোর ছিল বড় অবদান।
জার্ড মুলার
পশ্চিম জার্মানির বোম্বারখ্যাত জার্ড মুলার বিশ্বকাপে মাত্র ১৩ ম্যাচে ১৮ গোলে অবদান রেখে তালিকায় পরের অবস্থানে আছেন। তার নামের পাশেও আছে একটা বিশ্বকাপের শিরোপা।