জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ইতিহাসে এই প্রথমবার কোনো অস্থায়ী আসন জিততে পারল না জার্মানি। সাধারণ পরিষদের গোপন ভোটে অস্ট্রিয়া ও পর্তুগালের কাছে হেরে গেছে দেশটি।

এর আগে বিগত ছয়বারের প্রতিটি লড়াইয়েই জয় পেয়েছিল জার্মানি। তবে এবার মাত্র ১০৪টি ভোট পেয়ে দৌড় থেকে ছিটকে গেছে। অন্যদিকে পর্তুগাল ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া ১৩১ ভোট পেয়ে পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশের জন্য নির্ধারিত দু’টি আসন লুফে নিয়েছে।

এমন অভাবনীয় পরাজয়ের পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এই ফলাফলকে গভীর হতাশাজনক বলে উল্লেখ করেছেন।

ভোটাভুটির এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক, যিনি বর্তমানে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের দেশের এমন ভরাডুবির দিনে তারই সামনে নতুন পাঁচজন সদস্য নির্বাচিত হলেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আসন দু’টি জিতে নিয়েছে যথাক্রমে জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগো। এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আসনে ফিলিপাইনকে হারিয়ে জয় নিশ্চিত করেছে কিরগিজস্তান।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দু’বছর মেয়াদি এই নতুন যাত্রায় এই দেশগুলো পাকিস্তান, সোমালিয়া, গ্রিস, ডেনমার্ক ও পানামার স্থলাভিষিক্ত হবে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা জার্মানির জন্য এই হার একটি বড় ধাক্কা। পাশ্চাত্যের শক্তিগুলোর আধিপত্যে থাকা এই বিশ্ব সংস্থায় সংস্কারের দাবি এখন আরো জোরাল হয়ে উঠছে।

বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অধিকারের কথা তুলে ধরে এই সংস্থাকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার উপযোগী করার কথা বলা হচ্ছে। আফ্রিকার নেতারা নিরাপত্তা পরিষদে তাদের মহাদেশের জন্য অন্তত দু’টি স্থায়ী আসনের দাবি জানিয়েছেন।

এমনকি জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকার অনুপস্থিতিকে অন্যায্য ও অসমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন। জনসংখ্যা, অর্থনীতি ও শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের কথা উল্লেখ করে ভারতও দীর্ঘদিন ধরে এই আসনে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো অনুযায়ী মোট সদস্য দেশ ১৫টি। এর মধ্যে রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স- এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতার অধিকারী। বাকি ১০টি অস্থায়ী সদস্য পদ প্রতিবছর অর্ধেক করে পরিবর্তন করা হয়।

সূত্র : আরটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews