সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি।
সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হওয়ার পথে সতীর্থ মুমিনুল হককে পেছনে ফেলেছেন মুশফিক। এতদিন যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন মুমিনুল ও মুশফিক।
৭৭ টেস্টে ১৪৩ ইনিংসে মুমিনুলের সেঞ্চুরি ১৩টি। ক্যারিয়ারের ১০২ টেস্টের ১৮৮ ইনিংসে ১৪তম সেঞ্চুরিতে মুমিনুলকে টপকে গেলেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে ১৭৮ বল খেলে রেকর্ড সেঞ্চুরি করেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। সিলেটের মাটিতে নবম ইনিংসে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কায় ২৩৩ বলে ১৩৭ রান করেন তিনি।
গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে মিরপুর টেস্টে সেঞ্চুরি করে মুমিনুলকে স্পর্শ করেছিলেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে মুশফিককে পেছনে ফেলার সুযোগ পেয়েছিলেন মুমিনুল। কিন্তু টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানে আউট হওয়ায় মুশফিককে টপকে যাওয়ার সুযোগ হারান মুমিনুল।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি।
৪১ টেস্টে ৯ সেঞ্চুরি নিয়ে তামিমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৬টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন লিটন দাস ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।