বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটের ব্যবহার হওয়া বলের শর্তাবলীতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে একই ফরম্যাটে বিভিন্ন রঙের বল ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড সভায় অনুমোদন সাপেক্ষে শিগগিরই কার্যকর হতে পারে। বর্তমানে সংশোধনী এবং সংযোজনগুলো নিয়ে আলোচনা চলছে।
প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো ড্রিঙ্কস ব্রেকের সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া। এই সংশোধনীটি মূলত ওয়ানডে ক্রিকেটকে লক্ষ্য করে করা হয়েছে, যেখানে বর্তমানে শুধুমাত্র বদলি খেলোয়াড়দেরই মাঠে প্রবেশের অনুমতি রয়েছে।খেলার শর্তাবলীর বর্তমান ধারায় বলা হয়েছে, মাঠে পানীয় নিয়ে প্রবেশকারী যেকোনো খেলোয়াড়কে অবশ্যই যথাযথ ক্রিকেট পোশাকে সজ্জিত থাকতে হবে।
ভবিষ্যতে প্রধান কোচকেও ড্রিঙ্কস ব্রেকের সময় মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে প্রধান কোচকেও দলের জার্সি পরতে হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ওয়ানডে ক্রিকেটে প্রতি ইনিংসে দুটি ড্রিঙ্কস ব্রেকের অনুমতি রয়েছে, যার প্রতিটির মধ্যে এক ঘণ্টা দশ মিনিটের ব্যবধান থাকে। টি-টোয়েন্টিতে প্রধান কোচকে ইতোমধ্যেই কৌশলগত কারণে ড্রিঙ্কস ব্রেকের সময় মাঠের খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করার অনুমতি দেওয়া হয়।
আইসিসি টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমিয়ে ১৫ মিনিট করার পরিকল্পনাও করছে। বর্তমান খেলার নিয়মে বলা আছে, দুই ইনিংসের মধ্যে ২০ মিনিটের বিরতি থাকবে, যা বিরতির আগে ‘টাইম’ ডাকার সময় থেকে শুরু হয়ে বিরতির পর খেলা পুনরায় শুরু হওয়ার ডাক পর্যন্ত চলবে। এর ফলে দলগুলো দ্বিতীয় ইনিংসের জন্য বিশ্রাম, পুনর্গঠন এবং কৌশল নির্ধারণের জন্য কার্যকরভাবে পাঁচ মিনিট কম সময় পাবে।
আরও একটি প্রস্তাবিত সংযোজন হলো, ম্যাচের সময় বোলারদের অবৈধ অ্যাকশন পরীক্ষা করার জন্য মাঠের আম্পায়ারদের হকআই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া। এই প্রক্রিয়াটি ঠিক কীভাবে কার্যকর হবে তা এখনও দেখার বিষয়। তবে সন্দেহজনক অ্যাকশনের বোলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইসিসি দৃঢ়প্রতিজ্ঞ।
এর মধ্যে গুরুত্বপূর্ণ যে সংশোধনীটি বিবেচনা করা হচ্ছে, তা হলো একটি প্রচলিত টেস্ট ম্যাচের সময় লাল বলের পরিবর্তে গোলাপী বল ব্যবহারের সম্ভাবনা। জানা গেছে, আবহাওয়ার কারণে খেলা বিঘ্নিত হলে উভয় পক্ষ সম্মত হলে দলগুলোকে গোলাপী বল ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে এবং ফ্লাডলাইটের নিচে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এই প্রস্তাবিত পরিবর্তনের খুঁটিনাটি বিষয়গুলো এখনও অস্পষ্ট।
একটি ম্যাচ চলাকালীন লাল বল থেকে গোলাপি বলে এই পরিবর্তন কীভাবে পরিচালিত হয়, তা আকর্ষণীয় হবে। ‘পারস্পরিক সম্মতি’ এবং এই সংশোধনী অনুমোদিত হলে বা আইসিসি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করলে এর বাস্তবায়নের বিস্তারিত বিবরণ স্পষ্ট করা হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির (সিইসি) বৈঠকে এই প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা হয়। যেখানে আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলীও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে