যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহর ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়।

বুধবার ইরানের সংবাদ সংস্থা বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তবে খামেনির দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি। মাশহাদ শহরের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আয়াতুল্লাহ আলী খামেনির বাবার সমাধিও রয়েছে।

৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

দাফনের আগে রাজধানী তেহরানে খামেনিকে শেষবিদায় জানাতে ‘বড়সড়’ আয়োজন করা হবে বলে নিজেদের টেলিগ্রামে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

তবে তারিখ ও সময়সূচি সম্পর্কে ইরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। গত শনিবার এই দুই দেশের হামলায় তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি।

গত রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আলী খামেনির নিহত হওয়ার খবর জানানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে শনিবার যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আলী খামেনি নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

৩৬ বছরের শাসনজীবনে খামেনি এ বছরের জানুয়ারিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। ডলারের বিপরীতে ইরানের মুদ্রা ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ঘিরে গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ী ও দোকানদারেরা বিক্ষোভ শুরু করেছিলেন। সেখান থেকে পুরো দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের পতনের ডাক দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews