অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) মিনিস্টারস স্টুডেন্ট ভয়েস কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মাহিকা রহমান। এলিজাবেথ ম্যাকারথার হাই স্কুলের দশম শ্রেণির এই শিক্ষার্থী ২০২৬ সালের জন্য কাউন্সিলটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সংগঠনটি শিক্ষার্থীদের মতামত ও নেতৃত্ব বিকাশে কাজ করে।

মাহিকা রহমান বলেন, কাউন্সিলটি একটি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এখানে শিক্ষার্থীদের মতামত শোনা হয় এবং তাদের প্রস্তাবনা তৈরি করে তা ডেপুটি প্রিমিয়ার ও শিক্ষা ও প্রারম্ভিক শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

তিনি আরও জানান, কাউন্সিলের পঞ্চম বছরে তিনি উচ্চ বিদ্যালয়ে ‘সান স্মার্ট ক্যাম্পেইন’, বর্ণবাদবিরোধী কার্যক্রম এবং সম্মানজনক সম্পর্ক বিষয়ক কারিকুলাম যৌথভাবে প্রণয়নের কাজ এগিয়ে নিতে চান। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনতে নিজের কণ্ঠস্বর তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনএসডব্লিউ ডিপার্টমেন্ট অফ এডুকেশনের উদ্যোগে পরিচালিত এই কাউন্সিলটি গঠিত হয় ২০২১ সালে। কাউন্সিলে মোট ২৭ জন শিক্ষার্থী প্রতিনিধি থাকেন, যারা এনএসডব্লিউ-এর নয়টি শিক্ষা ডিরেক্টরেট থেকে নির্বাচিত হন। তারা নিয়মিতভাবে প্রতি টার্মে অন্তত দুইবার বৈঠকে অংশ নেন। যেখানে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা, স্কুল নীতি এবং চলমান বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পান।

এই বৈঠকগুলোতে শিক্ষার্থীরা শিক্ষা নীতি সম্পর্কে পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন শিক্ষা কর্মসূচির পরিকল্পনা ও উন্নয়নে মতামত দিয়ে থাকেন। এছাড়া, কাউন্সিলের সদস্যরা নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণেও অংশগ্রহণ করেন।

মাহিকা রহমান কেমডেন সিটি কাউন্সিলর এলিজা আজাদ রহমান ও আশিক রহমানের একমাত্র মেয়ে।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews