বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছে ব্রাজিল। শনিবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিলেও দলের শিবিরে নেমে এসেছে উদ্বেগের ছায়া।
ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তারকা উইঙ্গার রাফিনিয়া। ৪০তম মিনিটে আচমকাই মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন রাফিনিয়া এবং ডাকেন মেডিক্যাল স্টাফদের। প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে।
তবে এরপরও তিনি খেলা চালিয়ে যেতে না পারায় কোচ কার্লো আনচেলত্তি তাকে তুলে নিয়ে বদলি হিসেবে তরুণ ফরোয়ার্ড রায়ানকে মাঠে নামান। তখনই রাফিনিয়াকে নিয়ে দেখা দেয় শঙ্কা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাফিনিয়া ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। উদ্বেগের বিষয় হলো, গত মার্চ মাসেও জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে একই স্থানে চোট পেয়েছিলেন তিনি।
সেই ইনজুরির কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচও মিস করেছিলেন বার্সেলোনার এই তারকা।
চলতি সপ্তাহের শেষে বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পর চোটের প্রকৃত অবস্থা জানা যাবে। তবে পুরোনো ইনজুরি ফিরে আসার আশঙ্কায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে রাফিনিয়ার অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। ১২তম মিনিটে তার করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে কিছুক্ষণ পর কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
পরে আরো ২টি গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। জয়ের আনন্দের মাঝেও রাফিনিয়ার চোট এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।