দীর্ঘদিন রানখরায় থাকা বাবর আজম অবশেষে ফিরলেন নিজের চেনা রূপে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে শুধু দলকে বড় সংগ্রহই এনে দেননি, গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও।

বৃহস্পতিবার রাতে করাচির বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ পায় পেশোয়ার জালমি। কুশল মেন্ডিসের ঝোড়ো সেঞ্চুরি এবং অধিনায়ক বাবর আজমের অপরাজিত হাফ-সেঞ্চুরির পর আব্দুল সামাদের শেষের তাণ্ডবে রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি। 

স্কোরবোর্ডে কোনো রান না যোগ হতেই প্রথম উইকেট হারনোর পর বাবর আজম ও কুশল মেন্ডিস মাত্র ৯৭ বলে ১৯১ রানের অসাধারণ এক জুটি গড়েন। আব্বাস আফ্রিদির বলে ক্যাচ তোলার আগে ৫২ বলে ১০৯ করেন মেন্ডিস। ১৪ চার ও ৪ ছক্কায় দারুণ এই ইনিংস সাজিয়েছেন লঙ্কার এই ব্যাটার। 

অপরপ্রান্তে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। এই ইনিংস খেলার পথেই টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিলেন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটার। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১২,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

মাত্র ৩৩৮ ইনিংসে ১২,০০০ রান পূর্ণ করে বাবর এই বিশ্ব রেকর্ডটি নিজের ঝুলিতে পুরলেন বাবর। এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। গেইল ১২,০০০ রান পূর্ণ করতে খেলেছিলেন ৩৪৩টি ইনিংস। ভারতের বিরাট কোহলি এই উচ্চতায় পৌঁছাতে সময় নিয়েছিলেন ৩৬০টি ইনিংস, আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই রান পূর্ণ করেছিলেন ৩৬৮টি ইনিংসে। তাদের সবাইকে ছাড়িয়ে বাবর আজম এখন তালিকার শীর্ষে।

এছাড়া দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২,০০০ রানের গণ্ডি পার করলেন বাবর। তাঁর আগে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন শোয়েব মালিক।

১৭তম ওভারে মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়াল ফেরার পর শেষ দিকে আব্দুল সামাদকে নিয়ে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর। সামাদ মাত্র ১২ বলে ৪০ রানের এক ক্যামিও ইনিংস খেলে পেশোয়ারের স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। 

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews