দ্রুতই দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ সংসদের হুইপ এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

রোববার (৮ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকল হুইপদের শ্রদ্ধা নিবেদন শেষে একুশে টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ঢেলে সাজানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছিল এবং সেই কাজ অনেকটাই শেষ হয়েছে। সংসদ নির্বাচনের কারণে কিছুটা দেরি হলেও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে এসব কমিটি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা প্রকৃত ছাত্র এবং যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের নিয়েই নতুন কমিটি গঠন করা হবে। রানিং শিক্ষার্থীদের দিয়েই ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পুরনো কমিটি থাকায় সংগঠনে গতিশীলতা আনতে সংশ্লিষ্টরা কাজ করে আসছেন। দলীয় হাই কমান্ডের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদল এবং সংশ্লিষ্টরা এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তবে এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কমিটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews