আকাশপথে পণ্য পরিবহনে নতুন যুগের ইঙ্গিত দিল চীন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন কার্গো উড়োজাহাজ এইচএইচ ২০০ এর সফল উড্ডয়ন দেশটির প্রযুক্তিগত সক্ষমতাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না, এভিআইসি তৈরি করা এই আকাশযানটি বুধবার প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়ে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় কার্গোটি স্থিতিশীল ছিল এবং সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করেছে। পূর্বনির্ধারিত ফ্লাইট লক্ষ্যও সফলভাবে পূরণ হয়েছে।

এইচএইচ ২০০ ড্রোনে ১২ ঘনমিটার আয়তনের কার্গো হোল্ড রয়েছে, যা বাড়িয়ে ১৮ ঘনমিটার পর্যন্ত করা যায়। এটি সর্বোচ্চ ১ দশমিক ৫ টন ওজন বহন করতে পারে। ঘণ্টায় ৩১০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই আকাশযান একনাগাড়ে প্রায় ২ হাজার ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

উদ্ভাবনী কাঠামো এবং কম্পোজিট উপকরণের ব্যবহারে এর ওজন প্রায় ২০ শতাংশ কমানো হয়েছে, ফলে পরিচালন ব্যয়ও কমেছে। বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড মেনে তৈরি এই কার্গোতে রয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় উড্ডয়ন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বাধা এড়ানোর প্রযুক্তি।

আকাশযানটি ৫০ হাজার ঘণ্টা পর্যন্ত উড্ডয়ন করতে পারবে অথবা ১৫ হাজার বার ওঠানামা করতে সক্ষম। প্রতি টন কিলোমিটারে এর পরিচালন ব্যয় মাত্র ৪ দশমিক ৭ ইউয়ান, যা তুলনামূলকভাবে অনেক কম।

মাত্র ৫০০ মিটারের ছোট রানওয়ে থেকেও এটি উড্ডয়ন করতে পারে। পাশাপাশি ৪ হাজার ২০০ মিটার উচ্চতার মালভূমিতেও এটি সহজে চলাচল করতে সক্ষম। মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কার্যকর থাকায় কঠিন পরিবেশেও এটি ব্যবহারযোগ্য।

বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত, উপকূলীয় এলাকা এবং দুর্গম অঞ্চলে পণ্য পরিবহনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ অঞ্চলসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে এটি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

ভবিষ্যতে জরুরি উদ্ধার, বনের আগুন নিয়ন্ত্রণ, আবহাওয়া প্রযুক্তি, রিমোট সেন্সিং এবং কৃষি খাতেও এই আকাশযান ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

বেইজিং একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের গবেষক ওয়াং পেং বলেন, এই অর্জন চীনের নিম্ন উচ্চতার অর্থনীতি সম্প্রসারণের কৌশলের অংশ। তিনি মনে করেন, এই প্রযুক্তি লজিস্টিক, কৃষি ও জরুরি সেবায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

চীন ইতোমধ্যে ২০২৭ সালের মধ্যে নিম্ন উচ্চতার অর্থনীতির জন্য একটি মানদণ্ড কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে এই খাতে ৩০০টির বেশি মানদণ্ড প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।

সূত্রঃ সিনহুয়া 

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews