হজ ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা একজন মুসলমানের ইমানি জীবনের পূর্ণতা দান করে এবং তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গভীর ইতিবাচক প্রভাব বিস্তার করে। এটি শুধু একটি আনুষ্ঠানিক উপাসনা নয়; বরং আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও সামগ্রিক মানবিক পরিবর্তনের এক অনন্য মাধ্যম। কোরআন ও হাদিসে হজের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, তার ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান : ৯৭) হজের ফজিলত সম্পর্কে রসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং তাতে অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকে, সে এমনভাবে ফিরে আসে, যেন সে আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম) অন্য হাদিসে তিনি বলেন, ‘একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।’ (সহিহ বুখারি)

হজের তাৎপর্য গভীর ও বহুমাত্রিক। এটি মানুষের জীবনে তাওহিদের চেতনা জাগ্রত করে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শেখায়। ইহরাম পরিধানের মাধ্যমে ধনী-গরিব, রাজা-প্রজা সব পার্থক্য বিলীন হয়ে যায়। মানুষ বুঝতে পারে, আল্লাহর কাছে সবাই সমান। তাওয়াফ, সায়ী ও আরাফাতের ময়দানে অবস্থান মানুষকে কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দেয়, যা তার অন্তরে তাকওয়া সৃষ্টি করে। মহান প্রভু ঘোষণা করেন, ‘যে কেউ এই মাসগুলোতে হজ করা স্থির করে তার জন্য হজের সময়ে দাম্পত্য ঘনিষ্ঠতা, পাপাচার ও ঝগড়াবিবাদ নেই।’ (সুরা আল-বাকারা : ১৯৭) হজের গভীর তাৎপর্য ও আধ্যাত্মিক রূপান্তরের এক অনন্য ঘোষণা রয়েছে এই আয়াতে। এতে আল্লাহতায়ালা হজের মৌলিক চরিত্রকে তুলে ধরেছেন-হজ শুধু বাহ্যিক আমল নয়, বরং অন্তরের পরিশুদ্ধি, চরিত্র সংশোধন এবং জীবনের পূর্ণাঙ্গ শুদ্ধতার এক প্রশিক্ষণক্ষেত্র।

ইমানি জীবনেএখানে প্রথমেই অশ্লীল কথা, কামনাবাসনা ও দাম্পত্য ঘনিষ্ঠতার সব রূপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আল্লাহর অবাধ্যতা, পাপাচার ও সীমা লঙ্ঘন করা। আরও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঝগড়াবিবাদ, অহংকারপূর্ণ বিতর্ক ও কলহ। এই তিনটি বিষয় থেকে বিরত থাকার নির্দেশের মাধ্যমে হজের প্রকৃত রূপ উন্মোচিত হয়-এটি এমন এক ইবাদত, যেখানে মানুষ তার জিহ্বা, মন ও আচরণকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে। হজের তাৎপর্য এখানেই যে এটি মানুষকে সামগ্রিক আত্মসংযমের শিক্ষা দেয়। একজন হাজি যখন ইহরাম পরিধান করে, তখন সে দুনিয়ার সব ভেদাভেদ, অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করে এক সরল, পবিত্র জীবনের দিকে অগ্রসর হয়। এ অবস্থায় তার প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং প্রতিটি অনুভূতি আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। ফলে তার অন্তরে তাকওয়া ও খোদাভীতির আলো জ্বলে ওঠে।

এই আয়াতের আলোকে হজের ফলাফল ও সামাজিক প্রভাব অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। হজ মানুষের আত্মাকে পাপমুক্ত করে। যখন কেউ হজে গিয়ে নিজেকে পাপ, অশ্লীলতা ও ঝগড়া থেকে সম্পূর্ণ বিরত রাখে, তখন তার অন্তর নির্মল হয়ে ওঠে। সে উপলব্ধি করে, সত্যিকারের সফলতা বাহ্যিক অর্জনে নয়, বরং অন্তরের পবিত্রতায়। এই অবস্থাই তাকে নতুন এক জীবনের সুচনা দেয়। হজ মানুষের চরিত্রে শালীনতা ও সংযম প্রতিষ্ঠা করে। দাম্পত্য ঘনিষ্ঠতার সব রূপ নিষিদ্ধ নির্দেশনার মাধ্যমে মানুষের ভাষা ও আচরণে পবিত্রতা আসে। সে অশ্লীলতা ও কুপ্রবৃত্তি থেকে দূরে থাকতে শেখে। পাপাচার ও সীমা লঙ্ঘন নিষিদ্ধ নির্দেশনা তাকে পাপ থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তোলে। আর ঝগড়াবিবাদ, অহংকারপূর্ণ বিতর্ক ও কলহ নিষিদ্ধ নির্দেশনা তার মধ্যে সহনশীলতা, ধৈর্য ও বিনয় সৃষ্টি করে। ফলে সে এক শান্ত, পরিপক্ব ও সুশীল ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। এই আয়াতের শিক্ষা সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। যদি একজন ব্যক্তি হজের এই তিনটি নির্দেশনা তার জীবনে বাস্তবায়ন করে, তবে সে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সক্ষম। এসব গুণ সমাজকে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ পরিবেশে পরিণত করে। হজ তাই শুধু ব্যক্তিগত ইবাদত নয়; এটি একটি সামাজিক সংস্কার আন্দোলন।

পরিশেষে বলা যায়, উক্ত আয়াত হজের বাহ্যিক রীতিনীতির চেয়ে তার অন্তর্নিহিত আত্মিক ও নৈতিক দিককে অধিক গুরুত্ব দেয়। এটি মানুষকে এমন এক জীবনব্যবস্থার দিকে পরিচালিত করে, যেখানে পবিত্রতা, সংযম ও শান্তি প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে। তাই হজের প্রকৃত সফলতা তখনই অর্জিত হয়, যখন একজন হাজি এই আয়াতের শিক্ষাকে শুধু হজের সময় নয়, বরং সারা জীবনের জন্য তার জীবনে ধারণ করে।

♦ লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews